27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে তা প্রদান করা হবে। একই সঙ্গে যারা পূর্বে অস্ত্র জমা দিয়েছেন, তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

এ সময় তিনি হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ