গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, তাতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের দায়িত্ব যাঁদের ওপর ন্যস্ত, সেই দায়িত্বে যারা অবহেলা করেছে, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিরোধ করা জরুরি।
তিনি বলেন, শুধু পতিত ফ্যাসিস্ট শক্তিই নয়, তাদের পাশাপাশি কিছু রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মতে, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয়ই এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার ও নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তারা বাংলাদেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে বিচার ও সংস্কারের পথরেখা সফল করতে হবে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোকে একসঙ্গে থাকতে হবে। প্রতিযোগিতা থাকবে, তবে পাশাপাশি ন্যূনতম ঐকমত্য বজায় রাখতে পারলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে। অন্যথায়, এই বিরোধের সুযোগ নিয়ে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া হতে পারে।


