অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ মো. ওসমান হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত ভারত ফেরত না দেবে, ততক্ষণ বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে সারজিস আলম লেখেন,
“অন্তর্বর্তী সরকার, শহিদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war!”
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওসমান হাদি মারা যান। বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে লেখা হয়,
“ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।”
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়, তবে গুলির একটি অংশ মস্তিষ্কে রয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


