28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

জুলাইযোদ্ধা মুনিরার বাসার গেটে লাল ক্রসচিহ্ন, নিরাপত্তাহীনতায় পরিবার

advertisment
- Advertisement -spot_img

পাবনার শালগাড়িয়ার তালবাগান এলাকায় জুলাইযোদ্ধা সিরাজুম মুনিরার বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন এঁকে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মুনিরা ও তার পরিবার।

পরিবারের দাবি, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় বাসার গেটে এই ক্রসচিহ্ন আঁকা হয়। তবে ঘটনার সময় কারা এই কাজ করেছে তা কেউ প্রত্যক্ষ করেনি।

সিরাজুম মুনিরা জানান, বর্তমানে তিনি নিয়মিত পাবনায় অবস্থান করেন না। তার মা-বাবা শালগাড়িয়ার তালবাগান এলাকার ওই বাসায় বসবাস করেন। শনিবার সকালে তারা বাসার গেটে লাল রঙের ক্রসচিহ্ন দেখতে পান। মেয়ে দুশ্চিন্তায় পড়তে পারে—এই আশঙ্কায় বিষয়টি প্রথমে তাকে জানানো হয়নি।

রোববার রাতে বাড়িতে ফিরে পরদিন বিকেলে বাইরে বের হতে গিয়ে বিষয়টি নজরে আসে মুনিরার। পরে তিনি মৌখিকভাবে থানায় বিষয়টি অবহিত করেন।

মুনিরা বলেন, “জুলাই আন্দোলনে পাবনায় আমি সামনে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। আন্দোলনের শুরু থেকেই নানা হুমকি ও চাপের মুখে পড়েছি। এই ক্রসচিহ্নের মাধ্যমে আমাকে ভয় দেখানো ও মানসিকভাবে বিচলিত করার চেষ্টা করা হয়েছে বলে মনে করছি।”

তিনি আরও জানান, এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। বর্তমানে দিন-রাত তার বাড়ির সামনে পুলিশ টহল দিচ্ছে।

এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটির নিরাপত্তার বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ