ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হলেও তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,
“ইনশা আল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু মনোনয়ন ফরম কিনব। এত বড় দল হিসেবে বিএনপিকে তাদের ভালো-মন্দ নিজস্বভাবে বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করা হয়েছে, তাই আসন না দিলে জোট কীভাবে হবে? দল বাধ্য হয়েই আসন দিয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যদি ব্যবস্থা নিতে হয়, তারা নিশ্চয়ই নেবেন। এতে আমার কিছু করার নেই।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


