ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীকে যদি ভারতে খুঁজে পাওয়া যায়, তবে তারা অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবে—এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনরতদের সামনে গিয়ে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, ‘হাদিকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তারা যদি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে থাকে, তাহলে যেন অবশ্যই তাদের ফিরিয়ে আনা যায়—এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হত্যাকারীকে ভারতে খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে সহায়তা করবে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই—ওসমান হাদিকে যারা খুন করেছে, চিহ্নিত খুনি এবং এর পেছনে যারা ছিল, সবাইকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে এই কাজটি করছি।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে এই হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়েই যেন বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া যায়, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


