বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নিরব হোসেন অসুস্থতা অনুভব করেন এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মো. নিরব হোসেন নামে ওই ব্যক্তি মারা যান। জানাজার সময় প্রচণ্ড ভিড় ছিল এবং তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।


