জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি—গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজনও এসে আমার সামনে বলতে পারবেন না যে কারও পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, করতে চান বা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছেন—আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ‘আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না’।
তিনি বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদের নানাভাবে বিভাজন করার চেষ্টা চলছে, তাই আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট—আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দেন, তবুও আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব। কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন, পুলিশ, ক্যাডার কিংবা অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবই।
বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার প্রিয় একজন মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন জেলবন্দী রেখে তিলে তিলে হত্যা করেছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। হাসিনা তাকে নিয়ে কথায় কথায় বিদ্রুপ ও তামাশা করত, কিন্তু তিনি কখনো কোনো জবাব দেননি। আমরা তার রাজনৈতিক জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতির এই ধারা অব্যাহত রাখব।
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও আসনটিতে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।


