ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বাংলাদেশের টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করে।
আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ানা হাসান বলেন, “খেলাটা যদি আমরা খেলার জায়গাতেই রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাধারণত আমরা বলে থাকি—দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে তা কমিয়ে আনা যায়। যেকোনো দুই দেশের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক উল্টোটা করা হয়েছে।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে—যা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এর ফলে আমাদের দেশের জনগণের মনেও আঘাত লাগে এবং স্বাভাবিকভাবেই একটি প্রতিক্রিয়া তৈরি হয়।”
তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া আমরা যাচাই-বাছাই করছি। সবকিছু পর্যালোচনার পর আমরা একটি পদক্ষেপ গ্রহণ করবো।”
রিজওয়ানা হাসান আরও বলেন, “এখানে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যার বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিতেই হবে। চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, “কোন যুক্তিতে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো—যদি তা গ্রহণযোগ্য হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু যে যুক্তিতে তাকে মানা করা হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সে কারণেই আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।”


