জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া প্রায় ১৫ শতাংশ অস্ত্র এবং ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য অংশ উদ্ধার হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের বড় একটি অংশ উদ্ধার করা গেলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের আওতায় থেকেই রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


