28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ আটক সেই শিক্ষার্থী বহিষ্কার

advertisment
- Advertisement -spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দের ঘটনায় ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশপ্রাপ্ত ফজলে আজওয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের (তৃতীয় বর্ষ) শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, হল প্রশাসনের দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারায় ফজলে আজওয়াদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে মাদকদ্রব্য মজুদের তথ্য পেয়ে হল প্রশাসন অভিযান চালায়। অভিযানে হল সংসদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় কক্ষটির লকার ও বিছানার নিচ থেকে মোট ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী আজওয়াদ জানান, জব্দ করা মাদকদ্রব্যগুলো জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।

এর আগে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজওয়াদ। তবে শাখা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি দলের কোনো কর্মী নন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ