28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া তৈরি হয়েছে: আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। এটি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত কিংবা সমসাময়িক সময়ে সংঘটিত বিপ্লব বা গণঅভ্যুত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল।

এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলে জানান তিনি।

ইনশাআল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ