গণভোটে চারটি প্রশ্নের একটিমাত্র উত্তর অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘প্রায় চারটি প্রস্তাবনাকে একটিমাত্র গণভোটের প্রশ্নে আনা হয়েছে। ভোটাররা যখন ভোটকেন্দ্রে যাবেন, তখন সেই প্রশ্ন পড়ে তাদের একটি উত্তরই দিতে হবে। চারটি প্রশ্নের একটি উত্তর—এটা অযৌক্তিক। চারটি প্রশ্নের চারটি উত্তর হওয়া উচিত ছিল।’
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামের (বেজমেন্ট-২) তৃতীয় দিনের আপিল শুনানি শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে ভোটের যে উৎসব এবং প্রাণবন্ততা দেখার কথা, আমরা তা দেখতে পাচ্ছি না। ভোটারদের মধ্যে একটি আতঙ্ক, কিছু প্রার্থীর মধ্যে আধিপত্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন আসলে মানুষের মধ্যে জোয়ার তুলবে, উৎফুল্লতা আনবে। কিন্তু বাস্তবে ভোটের সেই উৎসাহ আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি না। সরকারও এ বিষয়ে যথেষ্ট সচেষ্ট নয়।’
গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গণভোট নিয়ে অনেকের আগ্রহ থাকলেও প্রস্তাবনাটি কিছুটা একপাক্ষিকভাবে করা হয়েছে। এ কারণে সব প্রার্থী বা সব রাজনৈতিক দলের মধ্যে গণভোট নিয়ে সমান উৎসাহ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নিজ নিজ আসনে জয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এতে গণভোটে গণজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে করণীয় উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বুথ বাড়াতে হবে, ফাস্ট ভোটিংয়ের ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আমার মনে হয়, এটি আরও এক ঘণ্টা বাড়ানো উচিত অথবা ভোটগ্রহণ আরও এক ঘণ্টা আগে শুরু করা উচিত। তাহলে হয়তো সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।’


