আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব কিংবা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ নির্বাচনে পার পেয়ে গেলেও ভোটের পর প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশন কোনো আপস করবে না। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে এবং কমিশন কোনো রাজনৈতিক চাপ অনুভব করছে না।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভালো ভোট হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে ইসি মাছউদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ দেওয়া হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। কারণ দলটির নিবন্ধন বহাল রয়েছে। আইন অনুযায়ী জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।


