27 C
Dhaka
Tuesday, June 9, 2026

যথাযথ নিয়ম না মানলে ভোটারের ভোট বাতিল: ইসি সানাউল্লাহ

advertisment
- Advertisement -spot_img

কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেন, তবে তার ভোট বাতিল হয়ে যাবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমাদের এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়সভিত্তিক ও লিঙ্গভিত্তিক সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে। ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো ভোটারকে যেন কেউ বাধা দিতে না পারে—সেদিকে বিশেষ নজর রাখতে হবে।”

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসী ও দেশের ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা দুই ভাগে কার্যকর হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করেন, তবে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।

তিনি জানান, সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট একই সময়ে গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগবে। প্রতিটি ব্যালটে ১১৯টি প্রতীক থাকায় প্রবাসীদের দেওয়া ভোটে কোন প্রতীকে ভোট দেওয়া হয়েছে, তা এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ