28.4 C
Dhaka
Wednesday, June 10, 2026

আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে: মির্জা আব্বাস

advertisment
- Advertisement -spot_img

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আপনারা জানেন, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় নয়। কিন্তু আমার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে, সেগুলো এ দেশের মানুষ বিশ্বাস করবে না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আপনাদের একজন ব্যবসায়ী বলেছেন, ৫ই আগস্টের পরে শান্তিতে আছেন। আপনারা শান্তিতে থাকুন—এটাই আমরা চাই।”

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ইঙ্গিত করে বলেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে, এখন তাদের অবস্থাও তেমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলছেন, যেটা তাদের মুখে মানায় না। আপনারা যদি ভাবেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে একটু কথা বললেই প্রচারণায় থাকা যায়—এর জন্য বহু রাস্তা আছে। এর জন্য দান-খয়রাত করেন, ভালোভাবে কথা বলেন। কিন্তু এভাবে গালিগালাজ করে, অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না।

তিনি বলেন, “জনগণ জানে—চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, চুলার মুখ দিয়ে ছাই বের হয়। আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, “আমার সম্পর্কে যে ভাষায় কথা বলা হচ্ছে, তা দেখে আমি আশ্চর্য হই। যারা এসব কথা বলছেন, তারা বয়সে পরিণত, অনেকেই বিবাহিত, সন্তানের বাবা। আপনাদের বলা সব কথার রেকর্ড থাকবে এবং ভবিষ্যতে সেই রেকর্ড শুনে নিজের অবস্থান নিয়ে ভাবতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়টি মাথায় রেখে কথা বলার অনুরোধ করছি। দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসা রটাবেন না। বরং নিজে কী করবেন, কী করেছেন—সেটা বলুন।”

তিনি আরও বলেন, “সকাল-সন্ধ্যা জামায়াতে ইসলামীর একটি জুনিয়র গ্রুপ বিএনপি সম্পর্কে অসংখ্য নোংরা কথাবার্তা বলছে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের দেশের চাকরিজীবী মেয়েদের সম্পর্কে খারাপ কথা বলেছেন। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে।”

কখনো কোনো অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করেননি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, আমি স্পষ্ট করে বলতে চাই—যদি আপনাদের বুকের পাটা থাকে, তাহলে বায়তুল মোকাররমের সামনে আমার নামে শালিস বসান। কোনো অসুবিধা নেই, আমার বুকে সাহস আছে। আমি চুরি-চামারি করে বড় হইনি। গায়ে খেটে বড় হয়েছি এবং নিজ হাতে কাজ করেছি।”

মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন, তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোনো রিটার্নিং অফিসার ও পোলিং এজেন্ট যেন বের হতে না পারে। যদি বলা হয় ভোট অফিসে গিয়ে গণনা করা হবে—এটা কোনোভাবেই এলাও করবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে।”

তিনি আরও বলেন, “আবার শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। নব্য প্রার্থীদের কথাবার্তায় বুঝতে পারছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়েছে।”

হল মার্কেটে বক্তব্য দেওয়ার পর তিনি গুলিস্তানের পাতাল মার্কেট ও স্টেডিয়াম মার্কেটে নির্বাচনী প্রচারণা চালান। পরে বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ