32 C
Dhaka
Tuesday, February 24, 2026

নগদে বিদেশি বিনিয়োগ নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক জামায়াতের এমপি আরমানের

advertisment
- Advertisement -spot_img

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ বিনিয়োগসংক্রান্ত নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সরকার এ খাতে ব্যক্তিখাতের বিনিয়োগের সুযোগ দিলে বিদেশি বিনিয়োগ সম্ভব হবে এবং সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি ঢাকা-১৪ আসনের নির্বাচিত এমপি।

এর আগে ৮ ফেব্রুয়ারি গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে মীর আহমাদ বিন কাসেম আরমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরীক্ষা পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানান। অন্তর্বর্তী সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী নগদে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা ছিল।

মীর আহমাদ বিন কাসেম আরমান জানান, বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী নগদে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে তিনি এক বিনিয়োগকারীর পক্ষে আইনজীবী হিসেবে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নাম প্রকাশ করেননি তিনি। শুধু জানান, তাদের তিন মহাদেশে বিনিয়োগ রয়েছে এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি স্থানীয় সমন্বয়ক ও আইনগত পরামর্শক হিসেবে কাজ করছেন।

তিনি আরও বলেন, বড় কোম্পানির সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং উদ্যোক্তা পরিবারের সন্তান হওয়ায় বিনিয়োগকারীরা তাকে সমন্বয়ক হিসেবে বেছে নিয়েছে।

একজন সংসদ সদস্য হিসেবে বহুজাতিক প্রতিষ্ঠানের পক্ষে ওকালতি করা স্বার্থের সংঘাত কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য; বিনিময়ে কিছু গ্রহণ করি না। সংসার পরিচালনার জন্য আইন পেশায় যুক্ত আছি। আমাদের দেশে অনেক সংসদ সদস্য আইন পেশায় যুক্ত থাকেন।”

নতুন সরকারের প্রেক্ষাপটে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা অনুভূত হয়নি। বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তরিক। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ