চলতি বছরে সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এ সময় কমিটির সদস্য ও অন্যান্য আলেমরা উপস্থিত ছিলেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী সামর্থ্য অনুসারে আটা, যব, কিশমিশ, খেজুর, পনির প্রভৃতি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়।
মুফতি মাওলানা আবদুল মালেক জানান, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ফিতরা নির্ধারণ করা হয়েছে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ৫৯৫ টাকা, কিশমিশ ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৬৪০ টাকা, খেজুর ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা এবং পনির ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূলত এসব পণ্যের বাজারমূল্যের ভিত্তিতেই সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় খুচরা বাজারে মূল্যের তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। গত বছরও ফিতরার হার একই ছিল।


