মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠনের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়ে বলেছেন, “ট্রাইব্যুনাল প্রস্তুত, এবার আসুন, খেলা হবে!”
তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রজ্ঞাপনের ছবি শেয়ার করে বলেছেন, “হাসিনার তৈরি আইনে ও তার প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে এবার সেই হাসিনার ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনের জন্য বহুবার আল্লাহর কাছে প্রার্থনা করেছি। স্বপ্ন পূরণের আর কয়েক দিনের অপেক্ষা।”


সোমবার হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর সরকারি নিপীড়নকে “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়ে নতুনভাবে বিচারের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ উঠেছে, যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে আমৃত্যু কারাভোগ করছিলেন। তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার চার সন্তানের মধ্যে রাফিক বিন সাঈদী মারা গেছেন, শামীম সাঈদী যুক্তরাষ্ট্রে এবং নাসিম সাঈদী যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে দেশে আছেন একমাত্র ছেলে মাসুদ সাঈদী।


