বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে হাইকোর্টে এই ঘটনার সূত্রপাত হয়।
একটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ ও কয়েকজন আইনজীবীর মধ্যে কথার কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে সেখানে উপস্থিত অন্যান্য ছাত্ররা হাসনাতকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে এই হাতাহাতির সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে, পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণির মানুষও এই মিছিলে অংশ নেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মূল দাবি হলো: আওয়ামীপন্থী ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ, সারাদেশের আদালত থেকে আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। তাদের স্লোগানে শোনা যায় ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এই বিক্ষোভে ২০ থেকে ২৫ জন আইনজীবী অংশ নেন এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, ১৫ অক্টোবর রাতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা দেন।
শুত্র২৪


