সরকার পুরাতন মোটরযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মোটরযান মালিকদের ছয় মাসের সময়সীমা দিয়েছে, যাতে তারা পরিবেশবান্ধব পদ্ধতিতে তাদের যানবাহনের পরিবর্তন করতে পারেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “পুরাতন মোটরযান অপসারণের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নত হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। যদি এই পদক্ষেপ নেওয়া না হয়, ঢাকায় শ্বাস নেওয়ার মতো বায়ু পাওয়া কঠিন হয়ে পড়বে। আমরা এমনভাবে কাজ করবো যাতে দূষণ কমে এবং জনদুর্ভোগ না হয়।”
তিনি আরও জানান, ডিসেম্বর থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন শুরু হবে। সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে, এবং দূষণকারীদের জরিমানার অর্থ ব্যাংকে জমা দিতে হবে। এই উদ্যোগ চালকদের হর্ন বাজানো কমাতে সহায়ক হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, পুরাতন মোটরযান অপসারণের জন্য সরকার একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা শহরের যানজট ও দূষণ কমাতে সহায়ক হবে। সরকারের উদ্যোগে দূষণ নিয়ন্ত্রণে আসবে এবং জনদুর্ভোগও এড়ানো যাবে।


