দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনের দুই সদস্য জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।
দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা দুপুর আড়াইটায় পদত্যাগপত্র দিয়ে দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন। মোবাইল ফোনে মঈনউদ্দীন আবদুল্লাহ জানিয়েছেন, তিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে সকালে তারা অফিসে গিয়ে তাদের দাপ্তরিক কাজ সম্পন্ন করেন এবং বিকেলে দুদক সংস্কার কমিশনের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে দুপুর ১টার দিকে বৈঠকটি স্থগিত করা হয়, যা তাদের পদত্যাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলে দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা তাদের পদত্যাগপত্র পাঠানোর পর নীরবে অফিস ত্যাগ করেন এবং এসময় সচিব খোরশেদা ইয়াসমিন তাদের সঙ্গে ছিলেন। বিকেল সাড়ে তিনটায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল কমিশনের।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। তার সাথে জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেড় বছর পর আছিয়া খাতুনকে কমিশনার (অনুসন্ধান) হিসেবে নিয়োগ করা হয়।


