28.1 C
Dhaka
Friday, June 12, 2026

দেশের মেরিটাইম খাতের উন্নয়নে হচ্ছে ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’

advertisment
- Advertisement -spot_img

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের মেরিটাইম খাতকে উন্নত করতে সরকার একটি ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’ তৈরি করতে যাচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিটাইম সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে, বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তবে, গত ৫০ বছরে বাংলাদেশে কোনো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলপত্র গৃহীত হয়নি।

তিনি বলেন, প্রতিটি বন্দর নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে, তবে আধুনিক বিশ্বের মতো বাংলাদেশেও একটি স্মার্ট ও ডিজিটাল বন্দর ব্যবস্থাপনা সময়ের চাহিদা। বিশ্বের বিখ্যাত বন্দরগুলো ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সেখানে বিদেশি বিনিয়োগও বাড়ছে। বাংলাদেশেও এ ধরনের উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে।

উপদেষ্টা আরও জানান, ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের মাধ্যমে একটি একক প্ল্যাটফর্মে সব সেবা নিয়ে আসা হবে, যা ব্যবসায়ীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেবে। মেরিটাইম খাতে সমন্বিত এই কৌশলপত্র বাস্তবায়ন নতুন একটি অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় একটি কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টা, যা দ্রুততম সময়ের মধ্যে কৌশলপত্র তৈরি করে জমা দেবে। দেশের স্থলবন্দরগুলোকে এই কৌশলপত্রের সাথে সামঞ্জস্য রেখে সমুদ্র ও নদীবন্দরগুলোর কার্যক্রমকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।

সভায় দেশের বিভিন্ন বন্দরগুলোর সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভারপ্রাপ্ত সচিব দেলোয়ারা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ