সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ জানিয়েছেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে উপেক্ষা করে সংবিধান প্রণয়নের কোনো সুযোগ নেই। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে সংবিধানে গণঅভ্যুত্থানের বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। রোববার জাতীয় সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে বা এই ইতিহাসকে পাশ কাটিয়ে আমরা জাতি হিসেবে কিছুই করতে পারব না। আমি মনে করি চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরিই নয়, অনিবার্যও বটে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের যে প্রভাব রয়েছে, তা নথিভুক্ত করা উচিত। এই ইতিহাসকে বাদ দিয়ে জাতি হিসেবে কোনো অগ্রগতি সম্ভব নয়। ২০২৪ সালের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে সংরক্ষণ করা জরুরি।
সংবিধান সংস্কার কমিশনের অভিজ্ঞতার প্রসঙ্গে আলী রিয়াজ জানান, কমিশনের প্রত্যেক সদস্যই সংবিধান নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তিনি নিজেও প্রায় দুই-আড়াই বছর সংবিধানের বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন। কমিশনের সিদ্ধান্ত কোনো একক মতের ওপর নির্ভর করে নয় বরং সব সদস্যের যৌথ সিদ্ধান্তই সংবিধান সংস্কারে চূড়ান্ত হবে।


