নতুন করে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এতে বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন।
গত সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিশনের কার্যক্রমে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন পর্যালোচনা ও আপডেটের দিকনির্দেশনা প্রদান, জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা এবং আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্য দূর করার ব্যবস্থা করা অন্তর্ভুক্ত রয়েছে।


