ঢাকার রাস্তায় আর কোনও দোকান বসানো যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ফুটপাতে দোকান বসানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফুটপাত ও রাস্তা আলাদা জিনিস। রাস্তার ওপর দোকান বসানো যাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মোহাম্মদপুর আগে ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মোহাম্মদপুরের মডেলে অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, রাস্তায় বসানো দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মূল সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে, যাতে মূল সড়কে অটোরিকশা না আসে সে বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে, যেন তাদের ব্যাটারি চার্জের সুযোগ সীমিত করা যায়।
চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জানান, বর্তমানে চাঁদাবাজি বেড়েছে। তবে যতই প্রভাবশালী হোক, কাউকে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।


