সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যোগ্য নির্বাচন কমিশনার ও সিইসি দরকার। এ ছাড়া দেশের রাজনৈতিক সংস্কৃতিরও উন্নতি প্রয়োজন। বর্তমান ব্যবস্থায়ও কার্যকর নির্বাচন সম্ভব, নতুন কোনো সিস্টেমের প্রয়োজন নেই বলেও মত দেন তিনি।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সাথে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে বলেন, কমিশনের আমন্ত্রণে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি। আমি ১৯৯২ সালের সাধারণ নির্বাচন পরিচালনা করেছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে কিছু সুপারিশ করেছি। আশা করি, তারা এসব বিষয় বিবেচনা করবেন। আমার আশা হলো আগামীতে সব নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, দেশের কল্যাণে আসে।
তিনি আরও বলেন, আইনের যতই ভালো হোক, প্রয়োগের ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন। যত রিফর্মই করা হোক না কেন, নির্বাচন কমিশনে সঠিক ও দক্ষ লোক থাকা জরুরি। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতিরও উন্নয়ন দরকার। প্রার্থী বাছাই যেন নিচু স্তর থেকে উঠে আসে, স্থানীয় নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করতে হবে। সব দল যদি এভাবে কাজ করে, তবে দেশের জন্য মঙ্গল হবে।
সাবেক সিইসি জানান, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কোনো দরকার নেই। আমাদের বিদ্যমান ব্যবস্থা জনগণের কাছে পরীক্ষিত, এটাকেই কার্যকর করতে হবে। সংসদে কয়টি কক্ষ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দলগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত।
নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সাবেক সিইসি যা বলেছেন, তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আইন ও সংবিধানের প্রাসঙ্গিকতা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছি, যা আমাদের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


