ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়াও, রিটে বাংলাদেশে চ্যানেলটির সম্প্রচার ও কনটেন্ট নিষিদ্ধ এবং ব্লক করার দাবি জানানো হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, ‘রিপাবলিক বাংলা’ ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল, যা স্যাটেলাইট সম্প্রচার ছাড়াও ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। অভিযোগ করা হয়েছে, এই চ্যানেলটি বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশের আইন-শৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আরও বলা হয়, চ্যানেলটি চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চাচ্ছে। চ্যানেলটির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিপন্ন হচ্ছে বলেও রিটে অভিযোগ করা হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান জানান, এর আগে আইনগত নোটিশ পাঠানো হলেও বাংলাদেশ সরকার এই চ্যানেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, ফলে রিটটি দায়ের করা হয়েছে।


