35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

advertisment
- Advertisement -spot_img

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পুনর্মূল্যায়নের জন্য উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত আদেশে উল্লেখ করেন, এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে এবং দুই মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। শুনানিতে আদালত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং কেন এই চুক্তি পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান, অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা এবং ব্যারিস্টার কামারুন মাহমুদ মিতা।

বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন। এর আগে, গত ৬ নভেম্বর এক আইনজীবী আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিগুলো বাতিলের জন্য সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের দাবি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। সেই অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলে রিট আবেদনটি দাখিল করা হয়।

লিগ্যাল নোটিশে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিদ্যুৎ চুক্তির সুষ্ঠু পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। এছাড়া, পিডিবির চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। তবে সেই সময় শেষ হয়ে যাওয়ায় এই রিট আবেদন দায়ের করা হয়।

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি পুনর্বিবেচনা করা হলে দেশ বিদ্যুৎ খাতে আরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারবে। আদালতের নির্দেশ অনুযায়ী, কমিটি গঠন এবং প্রতিবেদন প্রদানের মধ্য দিয়ে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ