27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

স্বরাষ্ট্র উপদেষ্টার ভারতের অপপ্রচার বিরুদ্ধে মিডিয়াকে সত্য প্রকাশের আহ্বান

advertisment
- Advertisement -spot_img

ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভারতীয় মিডিয়ার মিথ্যা খবরের বিরুদ্ধে আপনাদের সত্য তুলে ধরতে হবে। আমাদের দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়নি এবং এসব অপপ্রচার বন্ধ করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, “আবু সাঈদের বীরত্ব কখনোই শেষ করা যাবে না। আমরা তার নামে একটি ফাউন্ডেশন গঠনের কথা শুনেছি, যা আমাদের পূর্ণ সহায়তা পাবে।”

আবু সাঈদ হত্যা মামলার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, তিনজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বাকিরাও শিগগিরই আইনের আওতায় আসবে। তিনি বলেন, “মিডিয়া যদি অপরাধীদের শনাক্ত করতে পারে, আমরা পুলিশকে সহযোগিতা দিয়ে তাদের গ্রেপ্তার করব। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “যেমন ঝড়ের পর ঘর মেরামত করতে সময় লাগে, তেমনি আমাদেরও কিছুটা সময় দরকার। তবে পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে আরও ভালো হবে।”

ইসকন নিষিদ্ধ করার ব্যাপারে কোনো তথ্য না থাকলেও, তিনি জানান, যদি কোনো মামলা হয়রানিমূলকভাবে দায়ের করা হয়, তবে ভুক্তভোগী অবশ্যই মুক্তি পাবে। মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ধরনের অভিযোগ তদন্তে ডিসিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের অনুরোধ জানান, “দেশের উন্নতির জন্য সকলের একযোগে কাজ করা প্রয়োজন। যদি আপনি কোনো দুর্নীতি পান, তা প্রকাশ করুন। পুলিশ নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয়, তাহলে সেটা তুলে ধরুন।” তিনি আরও বলেন, “এবার পুলিশ নিয়োগে কোনো ধরনের বাণিজ্য হয়নি, তবে যদি এমন কিছু পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

এ সময় তিনি আবু সাঈদের এলাকার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া, রংপুর পুলিশ লাইন্সে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ