প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আজ, ২ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়, প্রধান বিচারপতি তার বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ এবং স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, রাষ্ট্রদূত বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির উদ্যোগের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
রাষ্ট্রদূত আরও জানান যে, তার দেশ বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়ন এবং শক্তিশালী করার জন্য পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। বিশেষ করে, প্রযুক্তিগত সহায়তা প্রদানেও স্পেন আগ্রহী।
এ সময়, প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতকে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের আধুনিকায়ন বিষয়ে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কথা জানান এবং উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।


