35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

বিবিসি’র ১০০ প্রভাবশালী নারীর তালিকায় রিক্তা আখতার বানু

advertisment
- Advertisement -spot_img

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। “১০০ প্রভাবশালী নারী” শীর্ষক এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আখতার বানু। তিনি পেশায় একজন নার্স এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।

বিবিসির এই তালিকায় বিশ্বের নানা প্রান্তের নারীকে সম্মান জানানো হয়েছে, যারা তাদের কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন। তালিকায় রয়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলিট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, সঙ্গীত শিল্পী রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু কর্মী আডেনিকে ওলাডোসু রিভার, লেখক ক্রিস্টিনা রিভার গার্জাসহ আরও অনেকে।

তালিকাটি পাঁচটি ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে—জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি।

বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন রিকতা আখতার বানু। তিনি কুড়িগ্রাম জেলা হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত।

১৯৯৯ সালে রিকতার কোলজুড়ে আসে প্রতিবন্ধী কন্যা তানভীন দৃষ্টিমনি (ব্রহ্মপুত্র)। যখন তার মেয়ে স্কুলে ভর্তি হতে চায়, তখন ২০০৭ সালে তাকে প্রথমে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু মাত্র তিন বছরের মধ্যে তিনবার তাকে প্রতিবন্ধী হিসেবে তাড়িয়ে দেওয়া হয়। এর পর, রিকতা মেয়েকে সরকারি বিদ্যালয়ে পুনরায় ভর্তি করার চেষ্টা করেন, তবে বহু অনুরোধ সত্ত্বেও শিক্ষকরা তাকে আর পড়াতে চাননি।

এই যন্ত্রণা থেকেই ২০০৯ সালে রিকতা তার জমি বিক্রি করে প্রতিষ্ঠা করেন “রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়”। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রাথমিকভাবে এটি অটিস্টিক ও শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও, এখন এখানে বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুরাও শিক্ষা লাভ করছে।

রিকতার এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নয়, বরং প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। তার এই পদক্ষেপ সমাজে প্রতিবন্ধিতার প্রতি ধারণা বদলানোর পাশাপাশি, দেশের অন্যান্য নারীদেরও অনুপ্রাণিত করছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ