বাংলাদেশের সহকারী হাইকমিশনে আগরতলায় হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর অফিসে তলব করা হয়েছিল।
এ ঘটনাটি ঘটেছে একদিন আগে, ২ ডিসেম্বর, সোমবার। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা শুধু হামলা ও ভাঙচুরই করেনি, বরং বাংলাদেশের জাতীয় পতাকাও নামিয়ে ছিঁড়ে ফেলে এবং মিশনের কর্মকর্তাদের মারধর করে।
এ ঘটনায় বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ভারতের কাছে তদন্তের দাবি জানায়। বাংলাদেশ তাদের বার্তায় বলেছে, ‘‘প্রাপ্ত তথ্য নিশ্চিতভাবে প্রমাণ করছে যে, পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভাঙচুর করে বিক্ষোভকারীদের সেখানে প্রবেশের সুযোগ দেয়া হয়েছিল।’’
এছাড়া, স্থানীয় পুলিশ বাহিনী সহকারী হাইকমিশনের নিরাপত্তা রক্ষা করতে তৎপর ছিল না বলেও বাংলাদেশ জানিয়েছে। বাংলাদেশ আরও উল্লেখ করেছে, কলকাতায় ২৮ নভেম্বরের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই এই হামলা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার হামলাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে এবং কূটনৈতিক সম্পত্তি আক্রমণ না করার কথা জানায়। ভারতের পুলিশ ত্রিপুরায় সাতজনকে গ্রেফতার করেছে এবং চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।


