ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতি বছরের মতো এবারও বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। ২০২৪ সালের এই তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু স্থান পেয়েছেন। তিনি একজন নার্স এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসা অর্জন করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে নারীদের নির্বাচন করা হয়েছে: জলবায়ুকর্ম, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। রিক্তা আক্তার বানু স্থান পেয়েছেন বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে।
বিবিসি জানিয়েছে, এই তালিকায় এমন নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এদের মধ্যে আছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, সঙ্গীতশিল্পী রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, এবং জলবায়ুকর্মী আডেনিকে ওলাডোসু।

রিক্তা আক্তার বানুর গল্প বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক। তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, যেখানে অটিজম ও প্রতিবন্ধিতাকে প্রায়শই অভিশাপ হিসেবে দেখা হয়। তার মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এবং অটিস্টিক। যখন স্থানীয় বিদ্যালয়ে মেয়ের ভর্তির চেষ্টা ব্যর্থ হয়, তখন রিক্তা আক্তার নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
এই স্কুলটি প্রথমে শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য তৈরি হলেও বর্তমানে এটি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা ৩০০ শিক্ষার্থীকে সেবা দিচ্ছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রিক্তা আক্তার বানুর প্রচেষ্টায় এই স্কুলটি সমাজে প্রতিবন্ধিতা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


