29.8 C
Dhaka
Friday, June 19, 2026

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অনেক বড় বিদ্রোহ হবে – জ্বালানি উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তবে দেশ বড় ধরনের বিদ্রোহের সম্মুখীন হতে পারে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি এইচআর কনভেনশনে তিনি এ কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, “এইবার আমরা যদি ব্যর্থ হই, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অনেকে মনে করছেন এটি একটি এককালীন ঘটনা, কিন্তু বাস্তবে তা নয়। জনগণের মধ্যে এখনও প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে।”

বড় প্রকল্প গ্রহণের আগে এর থেকে রাজস্ব আয়ের সম্ভাব্যতা বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্পগুলোতে এ বিষয়টি উপেক্ষিত হয়েছে। এতে অপচয়ের মাত্রা বাড়ছে এবং রাজস্ব আয় প্রত্যাশার তুলনায় অনেক কম।

তিনি আরও বলেন, “পাবলিক সেক্টরের দুর্নীতি ও অনিয়মের জন্য কেবল রাজনীতিবিদদের দায়ী করা যথার্থ নয়। ব্যাংক থেকে টাকা লোপাট, বিদেশে অর্থ পাচার – এগুলোর পেছনে সরকারি কর্মকর্তাদেরও ভূমিকা রয়েছে। এটি একটি গভীর সংকট।”

প্রকল্প পরিচালনার ক্ষেত্রে উদাহরণ দিয়ে তিনি বলেন, “খুলনার রূপসায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে গ্যাস সরবরাহই নেই। একইভাবে পদ্মা রেল ব্রিজে ৪১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এই প্রকল্পগুলোতে সঠিক মূল্যায়নের অভাবই অপচয়ের মূল কারণ।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান, ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ