জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটি জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।”
শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সময় এসব মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, “গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে আসা এই প্যাথলজিক্যাল খুনি ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে সে দেশের মানুষকে হত্যা করেছিল। খুনি হাসিনার জন্য এবং পুলিশের ভূমিকায় আরো সচেতন হওয়ার জন্য আমি এই বক্তব্য দিয়েছি।”
এ সময় তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করেন। বলেন, “এই খুনি নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে রাজপথে নামতে এবং জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন আছে। আমাদের শহীদদের পরিবারের জন্য এবং খুনিদের বিচার নিশ্চিতে জীবন দিতে আমরা প্রস্তুত আছি।”
তিনি আরও যোগ করেন, “যারা এখনও শহীদ পরিবারের প্রতি নানা কথা বলছে, তারা হাসিনার অবশিষ্ট বিষাক্ত দোসর। যদি এসব কীটদের শক্তি বাড়ে, ৫ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনি পুনর্বাসনের সুযোগ না পায় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে প্রস্তুত আমরা।”
চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।


