আগামী ১১ ও ১২ ডিসেম্বর হাওয়াইতে অনুষ্ঠিত হবে ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ। আজ (মঙ্গলবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, এই সামরিক সংলাপে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।
এই সংলাপ দুই দেশের সামরিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উভয় দেশের সামরিক সম্পর্ক, বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, এবং কর্মশালা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন।


