28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

কোনো পরিবারতন্ত্র বা মাফিয়া চক্রের কাছে প্রিমিয়ার ইউনিভার্সিটি বন্ধক দেওয়া হবে না

advertisment
- Advertisement -spot_img

ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন যে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অধীনে পরিচালিত করা হবে এবং ভবিষ্যতে কেউ এটি পুনরায় দখল করতে না পারে, সেই জন্য আইনি কাঠামো গড়ে তোলা হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে ইউনিভার্সিটির মালিকানা, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের অবহিত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত।

তিনি জানান, চসিকের অর্থায়নে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং ২০০৩ সালে চসিকের নিজস্ব ফান্ডের ৪৭ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভূমি কেনা হয়েছিল। তবে পরে এটি দখল হয়ে যায়, যার ফলে চলমান অস্থিরতার কারণে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মেয়র ডা. শাহাদাত আরও বলেন, চসিক একটি পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের পরিকল্পনা করছে, যেখানে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। এই ইউনিভার্সিটিকে আবারো সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে চসিক প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি এটি পরিবারতন্ত্র বা কোনো মাফিয়া চক্রের কাছে বন্ধক রাখতে চায়, তা হতে দেওয়া হবে না।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন। মালিকানা প্রশ্নে সিভিল কোর্টে আবেদন করার সুযোগ থাকলেও তা কখনো করা হয়নি। বিশেষ কিছু পক্ষ এটি দখল করার চেষ্টা করেছিল, যা চসিক দুর্বৃত্তায়ন হিসেবে বিবেচনা করে। ৫ আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে ইউজিসির সহায়তা কামনা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চসিকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ