অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজনীতিবিদদের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি রাজনীতিবিদরাই সংস্কার করতে পারেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন? তাদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সরকার ঘোষণা দেয়, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি।
এদিকে, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। লন্ডন সফর শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় নির্বাচিত সরকার।”
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা ডিসেম্বর মাসের মধ্যেই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তর করে গেজেট প্রকাশের ঘোষণা দেন। তিনি বলেন, “এই আইনের মাধ্যমে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে। সচিবালয়ে হর্নের শব্দে কাজ করা কঠিন হয়ে পড়েছে। ঢাকার পরিবেশ ধ্বংসের পথে।”
তিনি আরও বলেন, “বিদেশে হর্ন বাজানো মানে গালি দেওয়ার শামিল। রাজধানীর সোসাইটিগুলো পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। শব্দদূষণের কারণে মানুষ মানসিকভাবে অস্থির হয়ে পড়ছে। এটি একটি অস্থির প্রজন্ম তৈরি করছে।”


