রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান কবি হেলাল হাফিজ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে কবির প্রথম জানাজা এবং জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কবির প্রতি শ্রদ্ধা জানান তার স্বজন, ভক্ত-অনুরাগী এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন হেলাল হাফিজ। বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সুপার হোম কর্তৃপক্ষ। দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়বেটিস এবং স্নায়ুর সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম নেওয়া কবি হেলাল হাফিজ আধুনিক বাংলা কবিতার অন্যতম কণ্ঠস্বর। তার কালজয়ী কবিতা “নিষিদ্ধ সম্পাদকীয়” তাকে এনে দিয়েছিল ব্যাপক খ্যাতি। বেঁচে থাকা অবস্থায় তিনি হয়ে উঠেছিলেন কবিতাপ্রেমীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।


