সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিথির সংখ্যা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাগরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০) ছাড়াও আরও ছয়জন রয়েছেন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের মেয়ে আঁখী খাতুনের বিয়ে হয়। বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষ থেকে ৩৫ জন অতিথির জায়গায় ৭০ জন আসায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরের বাবা নুরুল হক অভিযোগ করেন, “কনের পক্ষ পরিকল্পিতভাবে বিরোধ তৈরি করেছে। এতে আমাদের ৭ জন আহত হয়েছে এবং বৌভাতের অনুষ্ঠান পণ্ড হয়েছে।”
অন্যদিকে কনের বাবা নিদান প্রামাণিক বলেন, “অতিরিক্ত লোক আসেনি। বর পক্ষ অহেতুক আমাদের ওপর আক্রমণ করে, এতে আমাদের ৩ জন আহত হয়েছেন।”
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, “বৌভাত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


