28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

দীর্ঘ এক যুগের বিলম্বের পর পরীক্ষামূলকভাবে চালু হলো বিআরটি লেন

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ এক যুগের বিলম্ব, অসম্পূর্ণ অবকাঠামো ও নানা সীমাবদ্ধতার মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হলো গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন। বিজয় দিবসকে সামনে রেখে আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসির ১০টি বাস দিয়ে এই সেবার উদ্বোধন করেন।

গাজীপুরের শিববাড়ী বাস ডিপো থেকে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এবং বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্পের দীর্ঘ বিলম্বের কথা স্বীকার করে বলেন, “এটি একটি রুগ্ন প্রকল্প। নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। মানুষের উপকারে না আসায় পরীক্ষামূলকভাবে বাস চালু করা হয়েছে। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।”

গণশুনানিতে উঠে আসা সমস্যাগুলোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখা হবে এবং বাস্তবায়নযোগ্য সমাধান কার্যকর করা হবে। তবে পুরো প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার আশ্বাস দেন তিনি।

শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার বিআরটি লেনে এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে বাস চলাচল করবে। শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত পুরো পথের ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ৭০ টাকা এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ৭০ টাকা।

ব্যস্ততম মহাসড়কের দুই পাশে থাকা কারখানার শ্রমিকদের পারাপারের সুবিধার্থে বিমানবন্দর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১০টি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা। এছাড়া বিশেষ বাস আমদানির কাজ প্রক্রিয়াধীন। তিনি আশ্বাস দেন যে ভবিষ্যতে এই লেনের বাস এবং ট্রেনগুলোকে ইলেকট্রিক লাইনে চালানোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে যাত্রা শুরু হয়েছে। যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে। তবে বিআরটি লেনে শুধু বাসই চলাচল করার কথা থাকলেও শুরুতে কার ও মাইক্রোবাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যাতে সাধারণ লেনের যানজট কিছুটা কমে আসে।

দীর্ঘ প্রতীক্ষার পর বিআরটি লেন চালু হলেও প্রকল্পের অসম্পূর্ণ কাজ এবং নানা সীমাবদ্ধতা এখনো সমাধান হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ গাজীপুর থেকে ঢাকার যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তবে প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন এবং সমস্যা সমাধানের জন্য এখনও অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ