28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহান বিজয়ের ইতিহাসে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছিল। এই চট্টগ্রাম রেডিও স্টেশন থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের প্রেরণা জাগ্রত করা হয়। বাংলাদেশের প্রথম এবং প্রধান মুক্তিযোদ্ধা ছিলেন জিয়াউর রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের ষোলশহর বিপ্লব উদ্যানে মহানগর বিএনপির বিজয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সরকারনিয়ন্ত্রিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতিতে উত্তরণসহ দেশের আর্থিক ও রাজনৈতিক সংস্কারে তিনি পথিকৃত ছিলেন। শহীদ জিয়ার নীতিতে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা হয়, যা আজ দেশের অর্থনীতির মূল ভিত্তি। এছাড়া রেমিট্যান্স প্রবাহ বাড়াতে তিনি বিদেশে শ্রমশক্তি প্রেরণের উদ্যোগ নেন।

বিএনপির এই নেতা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির সংস্কার কর্মসূচি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল ভিত্তি স্থাপন করেছে।

সমাবেশে প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের উন্নয়নের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে জিয়া পরিবারের অবদান অসীম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন এবং নির্বাহী সদস্য তারিকুল ইসলাম তেনজিং।

সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিজয় মঞ্চে এসে শেষ হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ