27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

বুড়িমারী থেকে সরাসরি ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে রেল ও সড়কপথ অবরোধ

advertisment
- Advertisement -spot_img

ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে স্থানীয় সচেতন জনগণ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধে তিনটি ট্রেন এবং শত শত যানবাহন আটকা পড়েছে।

জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধন করা হলেও ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে চালানো হয়নি। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও এই ট্রেন এখনো লালমনিরহাট রেলস্টেশন থেকেই ঢাকা রুটে যাতায়াত করছে। একইভাবে, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটিও জেলার অন্যান্য উপজেলার জন্য সুবিধাজনক নয়।

বুড়িমারী ও হাতীবান্ধা এলাকার মানুষের দাবি, ঢাকা রুটের ট্রেন দুটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে যাতায়াত শুরু করুক। দীর্ঘদিন ধরে এ দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেও কার্যত কোনো সুরাহা হয়নি।

রেলপথ অবরোধের কারণে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন হাতীবান্ধা রেলস্টেশনে আটকা পড়েছে। অন্যদিকে, আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা স্টেশনে এবং অপর একটি কমিউটার ট্রেন আদিতমারী স্টেশনে আটকা পড়েছে।

বিকেলে মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত যানবাহন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রেল ও সড়কপথ অবরোধ চলমান ছিল।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম জানান, অবরোধকারীদের দাবির সঙ্গে রেল কর্তৃপক্ষও একমত। তবে রেক স্বল্পতা এবং বাজেট ঘাটতির কারণে বুড়িমারী রেলস্টেশন থেকে ট্রেন চালু করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “অবরোধকারীরা কিছুটা সময় দিলে তাদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”

সচেতন জনগণের পক্ষে ফিরজ হোসেন বলেন, “বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির নামকরণ করা হলেও এটি বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা করে না। আমাদের দাবি, দ্রুত ট্রেন দুটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে চলাচল শুরু করুক।”

অবরোধে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রামের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিনের ছেলে শাহিদুজ্জামান কোয়েল, কমরেড শওকত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাওহীদ, সাংবাদিক আসাদুজ্জামান সাজুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বুড়িমারী থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় জনগণ। রেল ও সড়ক যোগাযোগ সচল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ