হবিগঞ্জের সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত প্রায় ৫০ জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের কোনও কমিটি না থাকায় মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ শুরু হয়। গ্রামের মুরব্বি মো. তাইবুল্লাহ ওই টাকা ব্যাংকে রাখতে চান, অন্যদিকে আলহাজ মিয়া টাকা মসজিদের উন্নয়নে ব্যবহার করতে চান। এ নিয়ে শুক্রবার রাতে একটি বৈঠকে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আলমগীর কবির বলেন, “মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।”
তিনি আরও জানান, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


