বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘‘আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত ১৫ বছরে পুলিশকে দিয়ে এমন কোনো অন্যায় কাজ হয়নি, যা করা হয়নি। পুলিশ প্রশাসন সেজন্য দুঃখিত ও লজ্জিত।’’
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।
পুলিশপ্রধান বলেন, ‘‘পুলিশ পুনর্গঠনে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবেন।’’
৫ আগস্টের অস্ত্র লুটের বিষয়ে আইজিপি বলেন, ‘‘সারা দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে আমাদের চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন, তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সমাজের সব নাগরিকের সহযোগিতা কামনা করছি।’’
তিনি আরও বলেন, ‘‘গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে, যাতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন নিরপরাধ মানুষদের গ্রেফতার না করা হয়। পুলিশ সঠিকভাবে তদন্ত করবে, যাতে নিরীহ মানুষ হয়রানির শিকার না হন।’’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘‘পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনও পুলিশ অফিসার মারা যাননি, তবে যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে তারা জনরোষে পড়েছেন। তাই আমাদের মূল কাজ হচ্ছে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙা করা।’’
আদালত প্রাঙ্গণে আসামিদের মারধরের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘‘এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিজ্ঞ আদালত অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন।’’


