আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নেতাকর্মীরা রাস্তার মাঝখানে শুয়ে পড়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার দিকে পদযাত্রা শুরু করে মিছিলটি। মৎস্যভবন হয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। বাধার পর নেতাকর্মীরা সড়কে বসে পড়ে এবং পরে রাস্তা অবরোধ করে শুয়ে পড়ে।
অবরোধকারীদের সংখ্যা কম থাকায় পাশের সড়কগুলো দিয়ে যান চলাচল আংশিক স্বাভাবিক ছিল। তবে মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে বা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা না করা হলে তারা গণঅনশন চালিয়ে যাবেন।
তাদের তিনটি প্রধান দাবি হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দলটির কমিটিতে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যমুনার দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


