বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। ২০২৪ সালে পাঁচ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তবে আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর ছিল না বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, “আমরা ২০২৪ সালে রিওভাইরাস শনাক্ত করেছি। আক্রান্ত পাঁচ জনের সবাই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ ছিলেন না।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রিওভাইরাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। আক্রান্তদের মধ্যে কারও শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
প্রতিবছর শীতকালে খেজুরের কাঁচা রস পানের ফলে কিছু মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হন। তবে রিওভাইরাসের ক্ষেত্রে এমন কোনো সংযোগ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় আইইডিসিআরের নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি নতুনভাবে শনাক্ত হওয়া একটি ভাইরাস হলেও জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টির প্রয়োজন নেই। রোগটি দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেনি।


