সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি এবং স্থানীয়দের দৃঢ় অবস্থানের কারণে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেয়া হবে না। তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে এবং ভারতীয় হাই কমিশনারকে ডেকে বিস্তারিত তথ্য জানানো হবে। দুই একদিনের মধ্যেই নির্মাণ কাজের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছিল। বর্তমানে ৪ হাজার ১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটার অংশে ভারত বেড়া নির্মাণ শেষ করেছে। এখন তারা বাকি ৮৮৫ কিলোমিটারে কাজ করার পরিকল্পনা করছে। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে।”


