বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট বৃদ্ধি করা হলেও সাধারণ মানুষের উপর এর বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশে ট্যাক্স-জিডিপির অনুপাত ২০২১ সালের পর থেকে উল্লেখযোগ্যভাবে কমছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কর আদায়ের ক্ষেত্রে ৪২ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ১ লাখ ২৬ হাজার কোটি টাকার কিছু বেশি।” তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ট্যাক্স ব্যবস্থাকে সঠিক জায়গায় আনতে হবে। এ কারণে কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে ব্যয় সংকোচনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি জানান, “আগে বিদেশ সফরে ৩০০ জনের মতো বড় দল যেত। এখন আমরা ৪০-৫০ জনের বেশি নিয়ে যাচ্ছি না।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ এবং সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।


